মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে অনলাইন ভিডিও ফিড ‘ট্রাম্প টিভি’ চালু করেছে হোয়াইট হাউস। সোমবার থেকে প্রচার শুরু হওয়া এ প্ল্যাটফর্মে ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন ভিডিও সম্প্রচারের কথা জানানো হয়েছে।
হোয়াইট হাউসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে জানানো হয়, ‘ট্রাম্প টিভি’তে ট্রাম্পের আগের গুরুত্বপূর্ণ মুহূর্ত, ভাষণ, শপথ গ্রহণ অনুষ্ঠান এবং বিভিন্ন সরকারি ঘোষণার ভিডিও ও ছবি প্রচার করা হবে। চালুর পরপরই ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ নেওয়ার অনুষ্ঠানসহ তার বিভিন্ন জনসম্মুখে উপস্থিতির ভিডিও দেখানো হয়।
সম্প্রতি সিএনএন, পলিটিকো ও এমএস নাওয়ের সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশ নিষিদ্ধ করে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের বিরুদ্ধে এসব সংবাদমাধ্যমের পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে। সংবাদমাধ্যমগুলোর অভিযোগ, তাদের সংবাদ প্রকাশের ধরন পছন্দ না হওয়ায় প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তবে ট্রাম্প ও হোয়াইট হাউস প্রশাসন নিষেধাজ্ঞার পক্ষে নিজেদের অবস্থান তুলে ধরেছে।
এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলেও। সাধারণত এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স ও এনবিসি পালাক্রমে প্রেসিডেন্টের কর্মসূচির ভিডিও ধারণ করে অন্য সংবাদমাধ্যমগুলোকে সরবরাহ করে। সেই কার্যক্রম স্থগিত হওয়ায় প্রেসিডেন্টের ভিডিও কভারেজে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে ট্রাম্প বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

