ছাত্রদল রাজপথে সক্রিয় না থাকলে নিষিদ্ধ কিংবা কোণঠাসা ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে ‘গুপ্ত সংগঠন’ বানিয়ে দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মুহাম্মদ রাশেদ খাঁন।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন ও বিস্ফোরক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
ফেসবুক পোস্টে গণঅধিকার পরিষদের একাংশের এই প্রভাবশালী নেতা ও প্রধানমন্ত্রীর সহকারী প্রশ্ন তুলে বলেন, “ছাত্রলীগের ভয়ে যারা একসময় গোপনে ছিল কিংবা আত্মরক্ষার্থে ছাত্রলীগ সেজে বেঁচে ছিল, তারা কীভাবে আজ ছাত্রদলকে পিটিয়ে রাজশাহী ছাড়া করার দুঃসাহস দেখায়?”
রাজনৈতিক বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন বলেন, “ছাত্রদল রাজপথে পাহারায় না থাকলে তো ছাত্রলীগ আবারও জামায়াত-শিবিরকে পিটিয়ে গুপ্ত বানিয়ে দেবে। এই সহজ বাস্তবতা কেন এরা বুঝতে চায় না?”
জামায়াত-শিবিরের সাম্প্রতিক কর্মকাণ্ডের তীব্র সমালোচনা করে তিনি আরও লেখেন, “দেখেন, এরা বিরোধী দলে থাকতেই হিংস্র আচরণে লিপ্ত হয়ে সরকারি দলের লোকজনকে এলাকাছাড়া করতে চায়। ভবিষ্যতে ক্ষমতার মসনদে গেলে এরা সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলের সাথে কী আচরণ করবে, তা নিশ্চয়ই আর কারও অজানা নয়।”
শিবিরের বর্তমান রাজনৈতিক অবস্থানকে আক্রমণ করে তিনি বলেন, “বিরোধী দল থাকা অবস্থাতেই জামায়াত-শিবির ‘মজলুম’ থেকে ‘জালিমে’ পরিণত হয়েছে। ইতিহাস সাক্ষী, অতীত জালিমের পরিণতি যেমন হয়েছে, নতুন জালিমের পরিণতিও ঠিক আওয়ামী জালিমের মতোই হবে।”
শেষে হুঁশিয়ারি উচ্চারণ করে রাশেদ খাঁন বলেন, “এদের সামনে হাতজোড় বা কাঁচুমাচু করে দেশ পরিচালনার কোনো সুযোগ নেই। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেমন বলেছিলেন বিএনপিকে একদিনও শান্তিতে দেশ চালাতে দেবেন না, জামায়াত-শিবিরও বর্তমানে ঠিক একই পথ অনুসরণ করছে। এখনই শক্ত হাতে এদের লাগাম টেনে না ধরলে ভবিষ্যতে এরা আরও বেপরোয়া ও কঠোর হয়ে উঠতে পারে।”

