এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি দাবি করেন, পাটওয়ারীকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলে বাসে আগুন ও ককটেল হামলার সঙ্গে কারা জড়িত, তা বের হয়ে আসবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোট আয়োজিত ‘গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার ও বিরোধী দলের ভূমিকা’ শীর্ষক আলোচনাসভায় এসব কথা বলেন রাশেদ খান। সাত মাসের সরকারের বিরুদ্ধে লংমার্চ কর্মসূচিকেও তিনি স্বাভাবিক কর্মসূচি নয় বলে মন্তব্য করেন।
রাশেদ খান অভিযোগ করেন, লংমার্চের নামে পিকনিকের মতো ছবি ও ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা হচ্ছে। একই সঙ্গে তিনি দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে তাল মিলিয়ে ১১ দলীয় জোট আগামী ডিসেম্বর থেকে কর্মসূচি শুরু করতে চায়।
দেশকে অশান্ত করতে জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগ একত্রিত হয়ে বাস ও ট্রেনে আগুন এবং ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের সঙ্গে কারা জড়িত, তা যাচাই করা প্রয়োজন।

