কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মাঠে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অনুষ্ঠিত জানাজায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। এ সময় সেখানে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
অপ্রতিমের দ্বিতীয় জানাজা সকাল ১১টায় দক্ষিণ বাগমারা কোটবাড়ী এলাকায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সেখানেই তার দাফন সম্পন্ন হবে। অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান।
এর আগে শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে বন্ধুদের সঙ্গে শালবন বিহারে ছবি তুলতে যাওয়ার কথা বলে মায়ের আইফোন নিয়ে বাসা থেকে বের হয় অপ্রতিম। সন্ধ্যার পরও সে বাড়ি না ফেরায় তার মা সদর দক্ষিণ থানায় সাধারণ ডায়েরি করেন। অপ্রতিম কুমিল্লা বর্ডার গার্ড স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
শনিবার দুপুর ১টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন ম্যাজিক প্যারাডাইস পার্কের পেছনের একটি টিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্ত শেষে রাত ৮টার দিকে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় সিসিটিভি ফুটেজের ভিত্তিতে তুহিন, ফাহিম ও আনাস নামে তিনজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

