অস্ট্রেলিয়ার সিডনির বহুসাংস্কৃতিক অঙ্গনে প্রবাসীদের জন্য তৈরি হতে যাচ্ছে এক আনন্দঘন উৎসবের আবহ। চট্টগ্রাম ক্লাব অস্ট্রেলিয়া (সিসিএ)-এর বিশেষ উদ্যোগে আগামী ১১ অক্টোবর ২০২৬ (রবিবার) ফেয়ারফিল্ড শোগ্রাউন্ডে দিনব্যাপী আয়োজিত হতে যাচ্ছে ‘সিসিএ স্প্রিং ফেয়ার ২০২৬’। সকাল ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত টানা এই মেলায় ১৫ হাজারের বেশি দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আয়োজকরা।
‘Your Culture. Your Business. Your Moment.’-এই চেতনাকে উপজীব্য করে আয়োজিত হতে যাওয়া উক্ত স্প্রিং ফেয়ারে থাকছে বাঙালির চিরায়ত সংস্কৃতি, দেশীয় রকমারি খাবার, আকর্ষণীয় ফ্যাশন অনুষঙ্গ ও কেনাকাটার বাহারি স্টল। আয়োজনটির সফলতা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে মিন্টুর সৈয়দ পার্টনার্স কার্যালয়ে সংস্থাটির সভাপতি সাইফুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে এবং সৈয়দ আকরাম উল্লাহর পরিচালনায় একটি উচ্চপর্যায়ের বৈঠক সম্পন্ন হয়েছে।
এবারের উৎসবের মূল আকর্ষণের কেন্দ্রে থাকছে বাংলাদেশ থেকে আগত জনপ্রিয় কণ্ঠশিল্পী সাগর বাউল, প্রিয়াঙ্কা, সিথী, রবি চৌধুরী এবং তরুর সরাসরি সাংস্কৃতিক পরিবেশনা। পরিবার ও শিশুদের আলাদা বিনোদনের কথা মাথায় রেখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাইডসমূহ সম্পূর্ণ বিনামূল্যে উপভোগের সুযোগ রাখা হয়েছে। আয়োজক সূত্রে জানা গেছে, মেলার প্রবেশ টিকিট প্রতিজন ১০ অস্ট্রেলিয়ান ডলার নির্ধারণ করা হয়েছে, তবে ৫ বছরের কম বয়সী শিশুদের জন্য কোনো টিকিট লাগবে না।
সাংস্কৃতিক বিনোদনের পাশাপাশি দেশীয় উদ্যোক্তা, ব্যবসায়িক ব্র্যান্ড ও খাবারের দোকানদারদের নিজেদের সেবা প্রসারের উদ্দেশ্যে বৃহৎ এই বাণিজ্যিক প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে। স্টল গ্রহণকারীদের জন্য বিশেষ ‘আর্লি বার্ড’ ছাড়ের সুব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে। প্রবাসের মাটিতে বাংলাদেশি সংস্কৃতির এই অনন্য রূপায়ণ সিডনির প্রবাসী বাঙালি কমিউনিটিকে এক অভূতপূর্ব মেলবন্ধনে আবদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

