প্রধান খবর

অভিনয়ের গণ্ডি পেরিয়ে এবার সঙ্গীতাঙ্গনে পা রাখলেন হানিয়া

অভিনয়ের দারুণ সাফল্যের পর এবার সংগীতাঙ্গনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করলেন পাকিস্তানের জনপ্রিয় ও চর্চিত অভিনেত্রী হানিয়া আমির। বুধবার তার গাওয়া প্রথম একক গান ‘পাবলো’ মুক্তি পেয়েছে। এই নতুন মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে জনপ্রিয় এই তারকার সৃজনশীল ক্যারিয়ারে এক নতুন অধ্যায়ের সূচনা হলো।

পাঞ্জাবি র‍্যাপধর্মী এই গানটির কথা ও সুর হানিয়া নিজেই তৈরি করেছেন। গানটিতে মূলত তার প্রতি সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি, অনাকাঙ্ক্ষিত জনসমালোচনা ও নানা নেতিবাচক মন্তব্যকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে তুলে ধরা হয়েছে। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গানটি শেয়ার করে সমালোচকদের কড়া জবাব দিয়েছেন তিনি।

গানের কথায় হানিয়া তুলে ধরেছেন যে, যারা তাকে ভুয়া বা কৃত্রিম বলে কটূক্তি করেন, তাদের নেতিবাচক মনোভাব তাকে বিন্দুমাত্র প্রভাবিত করে না। একই সাথে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা তার অগণিত ভক্তের প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন, যারা সর্বদা তাকে সমর্থন জুগিয়ে চলেন। আত্মবিশ্বাসের সাথে সমালোচকদের বিরক্ত না হয়ে নিজস্ব পথে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন এই পাকিস্তানি তারকা।

গানটির সবচেয়ে আকর্ষণীয় ও আলোচিত অংশ ছিল এর শেষাংশে যুক্ত করা ভারতের একটি রিয়েলিটি শোর ভিডিও ক্লিপ। সেখানে ভারতীয় ড্রামা কুইনখ্যাত টিভি তারকা রাখি সাওয়ান্তকে হানিয়ার উদ্দেশ্যে এক বিশেষ সমবেদনামূলক বার্তা দিতে দেখা যায়। রাখি হানিয়াকে ‘স্বর্গের কন্যা’ ও ‘সিংহী’ আখ্যা দিয়ে শত্রুদের সাহসের সাথে মোকাবিলা করার পরামর্শ দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান ও ভারতের দুই জনপ্রিয় তারকার এই অপ্রত্যাশিত ভার্চুয়াল উপস্থিতি নেটিজেনদের মধ্যে ব্যাপক চর্চা ও কৌতূহলের জন্ম দিয়েছে। ভক্তরা হানিয়ার এই নতুন গানের সুর ও সাবলীল উপস্থাপনার প্রশংসায় পঞ্চমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *