প্রধান খবর

ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন মাসের উদ্যোগ

আগামী তিন মাসের মধ্যে ডেঙ্গু সমস্যা সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, সবাই মিলে পরিচ্ছন্নতা নিশ্চিত করলে ডেঙ্গু নিয়ন্ত্রণের পাশাপাশি দেশকেও সুন্দর রাখা সম্ভব।

শনিবার (১২ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে অনলাইনে দেশের বিভিন্ন জেলার তরুণ ও স্বেচ্ছাসেবীদের সঙ্গে যুক্ত হন প্রধানমন্ত্রী।

তরুণদের শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশে বিপুলসংখ্যক স্কাউটস, বিএনসিসি সদস্য ও শিক্ষার্থী রয়েছে। তারা ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করলে বড় ধরনের পরিবর্তন সম্ভব। ২০২৪ সালের ৫ আগস্ট তরুণ সমাজের পরিবর্তনের সক্ষমতা বিশ্ব দেখেছে বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী সবাইকে প্রতি সপ্তাহে অন্তত এক ঘণ্টা নিজের বাসা, শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার করার আহ্বান জানান। ভাঙাচোরা পাত্র, প্লাস্টিক ও জমে থাকা পানিতে ডেঙ্গুর বিস্তার হয় উল্লেখ করে তিনি বলেন, সম্মিলিত উদ্যোগে আগামী তিন মাসে পরিস্থিতির অন্তত ৮০ শতাংশ উন্নতি করা সম্ভব হবে বলে তিনি আশাবাদী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *