প্রধান খবর

দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই। বিদ্যুৎ ও সারের সংকট চরমে পৌঁছেছে দাবি করে তিনি বলেন, জনগণের কষ্টের কথা সংসদে তুলে ধরার চেষ্টা করলেও সরকার তাদের কথা বলতে দিচ্ছে না।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে বগুড়ার ধুনট উপজেলার মানিকপোটল (মরিচতলা) গ্রামের একটি মাদ্রাসা মাঠে স্থানীয়দের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণের অধিকার আদায়ে বাধ্য হয়ে রাজপথে নামতে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে ডা. শফিকুর রহমান একই গ্রামের আব্দুল মালেকের কবর জিয়ারত করেন এবং তাঁর শাহাদাত কবুলের জন্য দোয়া করেন। পরে তিনি শহীদ আব্দুল মালেকের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে মাদ্রাসা মাঠে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। এ সময় জামায়াতের নায়েবে আমির এটিএম আজহারুল ইসলামসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। শুক্রবার রাতে বগুড়ায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থানের পর শনিবার ভোরে তিনি ধুনটের উদ্দেশে রওনা হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *