দীর্ঘদিনের রাশিয়া-ইউক্রেন সংঘাতের অবসানে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় জি-২০ শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করতে আগ্রহ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আগামী ডিসেম্বরে মিয়ামিতে সম্মেলন হলে সেখানে পুতিনের সঙ্গে বসতে চান বলে জানিয়েছেন তিনি।
শনিবার ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি বলেন, উভয় নেতা আমন্ত্রিত হলে অবশ্যই দেখা করে কথা বলা প্রয়োজন। তাঁর মতে, কে কী বলল তার চেয়ে সংঘাতের অবসান ঘটিয়ে চূড়ান্ত ফলাফল অর্জন করাই বেশি গুরুত্বপূর্ণ।
যুদ্ধবিরতির আলোচনা পুনরায় শুরু করতে সম্প্রতি উদ্যোগ নিয়েছে ওয়াশিংটন। মার্কিন মধ্যস্থতাকারী স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের কিয়েভ ও মস্কো সফরকে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন জেলেনস্কি। এর আগে ট্রাম্প ও পুতিনের মধ্যেও প্রায় এক ঘণ্টার ফোনালাপ হয়েছে।
চলতি বছর জি-২০ জোটের সভাপতিত্ব করছে যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে হিউস্টনে জি-২০-এর জ্বালানি বিষয়ক বৈঠকে রুশ কর্মকর্তাদের অংশ নেওয়ার কথা রয়েছে। এর আগে সেপ্টেম্বরে জি-২০-এর একটি বৈঠকে রাশিয়ার অর্থমন্ত্রীর অংশগ্রহণ ইউরোপীয় মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি করেছিল।

