নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে মিছিল ও সরকারবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা অজিত ঘোষ কানাইকে দুই দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এ আদেশ দেন।
অজিত ঘোষ কানাই ঢাকার কোতয়ালী থানা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। মামলার তদন্ত কর্মকর্তা তাঁর সাত দিনের রিমান্ড চাইলেও শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিপক্ষ জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করেন।
এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) ঢাকার কোতয়ালী থানাধীন গোয়ালনগর এলাকা থেকে অজিত ঘোষকে গ্রেপ্তার করা হয়। মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৬ জুলাই রায়সাহেব বাজার এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ১০০ থেকে ১৫০ জনের একটি দল সরকারবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করে।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মিছিলকারীরা পালানোর চেষ্টা করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়। তদন্তে অজিত ঘোষের সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ার দাবি করে তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছিল।

