প্রধান খবর

‘শত শত ডিসেম্বর গেলেও শেখ হাসিনা আর ফিরবে না’: রাশেদ খাঁন

আওয়ামী লীগের অধ্যায় চিরতরে শেষ হয়ে গেছে এবং শত শত ডিসেম্বর পার হয়ে গেলেও শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরে আসার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার কুমারখালীর কয়া ইউনিয়নের রায়ডাঙা কবরস্থানে বুয়েট শিক্ষার্থী শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এই দৃঢ় প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

গণহত্যার প্রসঙ্গ টেনে রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ এ দেশের মাটিতে যে গণহত্যা চালিয়েছে, তা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘও এই গণহত্যার বিষয়টি স্পষ্ট করেছে। সুতরাং তাদের রাজনীতি ও ফেরার পথ পুরোপুরি রুদ্ধ। তবে জামায়াতে ইসলামী পরোক্ষভাবে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চক্রান্তে সহযোগিতা করছে বলে অভিযোগ তোলেন তিনি। জ্বালানি সংকটকে কেন্দ্র করে জামায়াত ও ১১ দলীয় জোটের লংমার্চের সমালোচনা করে তিনি বলেন, “জাতীয় সংকটকে পুঁজি করে রাষ্ট্রকে অশান্ত করলে কার্যত শেখ হাসিনাকেই সুযোগ করে দেওয়া হবে। জামায়াত যদি ‘৯৬ সালের মতো আওয়ামী লীগকে সাথে নিয়ে বিএনপির বিরুদ্ধে নামতে চায়, তবে এ দেশের জনগণ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।”

তিনি আরও বলেন, আধিপত্যবাদবিরোধী আবরার ফাহাদের চেতনা আজ বাংলাদেশে বাস্তবায়িত হচ্ছে। খুনি হাসিনা এবং শহীদ ওসমান হাদির আসামিদের ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারত যদি অবস্থান স্পষ্ট না করে, তবে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন না। বাংলাদেশ এখন ভারতের সাথে অতীতের অন্যায্য বন্ধন ছিন্ন করে সমমর্যাদা ও চোখে চোখ রেখে সম্পর্কের নীতিতে চলছে। বর্তমান বিএনপি সরকার আবরার ফাহাদের স্মৃতি ও চেতনা ধরে রাখতে কুষ্টিয়া স্টেডিয়ামসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলের নামকরণ তাঁর নামে করেছে।

সংবাদ সম্মেলনে শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ, জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতার এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *