বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছেন নীলফামারীর ডোমার উপজেলার কৃতি সন্তান আল নাসিরুল্লাহ সিদ্দিকী সোহান। এর আগে বিশ্বের বৃহত্তম প্রযুক্তি জায়ান্ট গুগলে প্রায় চার বছর সফলতার সঙ্গে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
বুধবার (২৬ আগস্ট) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন পোস্টের মাধ্যমে মাইক্রোসফটে যোগ দেওয়ার এই সুখবরটি নিশ্চিত করেন সোহান। পোস্টে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহ। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, আমি মাইক্রোসফটে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেছি। সবার কাছে দোয়ার আবেদন রইল।” আন্তর্জাতিক অঙ্গনে তাঁর এই অর্জনে নিজ জেলা নীলফামারীসহ দেশজুড়ে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে।
আল নাসিরুল্লাহ সিদ্দিকী সোহান ডোমায়ের সাবেক সরকারি কর্মকর্তা মো. হামিদার রহমান ও গৃহিণী উম্মে আয়েশা সিদ্দিকার কনিষ্ঠ সন্তান। ২০১১ সালে ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৩ সালে রংপুর সরকারি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগে ভর্তি হন। ২০১৮ সালে স্নাতক শেষে দেশে স্যামসাং আরঅ্যান্ডডিসহ কয়েকটি প্রতিষ্ঠানে কাজ করার পর ২০২০ সালে উচ্চশিক্ষার্থে জার্মানির টেকনিক্যাল ইউনিভার্সিটি অব ডর্টমুন্ডে পাড়ি জমান তিনি।
স্নাতকোত্তর পড়াশোনার পাশাপাশি কঠোর প্রস্তুতি শেষে ২০২২ সালের শেষের দিকে গুগলের পোল্যান্ড শাখায় সাইট রিলায়েবিলিটি ইঞ্জিনিয়ার (এসআরই) হিসেবে ক্যারিয়ার শুরু করেন তিনি। সেখানে ৩ বছর ৯ মাস কাজ করার পর এবার মাইক্রোসফটে পদার্পণ করলেন। উল্লেখ্য, সোহানের বড় ভাই শাহেদ শাহরিয়ান নিজেও বর্তমানে গুগলের আয়ারল্যান্ডের ডাবলিন শাখায় প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। ডোমারের এক প্রান্তিক প্রেক্ষাপট থেকে বিশ্বমঞ্চে সোহানের এই গৌরবোজ্জ্বল সাফল্য তরুণ প্রজন্মের প্রযুক্তিপ্রেমীদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে।

