প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রথম দফার রদবদলের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। নতুন করে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবিরকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। অন্যদিকে আগে থেকেই দায়িত্বে থাকা শামা ওবায়েদ ইসলামও একই পদে বহাল রয়েছেন।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন হুমায়ুন কবির। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হয়। এর মধ্য দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবিরের দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়।
মন্ত্রিসভায় যোগ দেওয়ার আগে হুমায়ুন কবির প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আন্তর্জাতিক সম্পর্ক ও কূটনীতিতে দীর্ঘ অভিজ্ঞতার পাশাপাশি বিএনপির আন্তর্জাতিক সম্পর্কবিষয়ক কর্মকাণ্ডেও তিনি দীর্ঘদিন যুক্ত ছিলেন। সরকারের হয়ে বিভিন্ন পররাষ্ট্রনীতি ও আন্তর্জাতিক ইস্যুতে কাজ করার অভিজ্ঞতার কারণে তাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
অন্যদিকে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পান শামা ওবায়েদ ইসলাম। নতুন দায়িত্ব বণ্টনের পরও তিনি একই পদে বহাল রয়েছেন। ফলে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের অধীনে শামা ওবায়েদ ইসলাম ও হুমায়ুন কবির—দুজন প্রতিমন্ত্রী পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন।
একই মন্ত্রণালয়ে দুই প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করায় প্রশাসনিক বা কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হবে কি না, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এক মন্ত্রণালয়ে দুজন প্রতিমন্ত্রী থাকলে অসুবিধা নেই। শুক্রবার মন্ত্রিসভার প্রথম বড় রদবদলে চার পূর্ণমন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী শপথ নেন। এর মধ্য দিয়ে সরকারের মন্ত্রিসভায় নতুন করে দায়িত্ব বণ্টনের প্রক্রিয়াও শুরু হলো।

