প্রধান খবর

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত ৬ বাংলাদেশির মরদেহ দেশে ফিরল

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার একটি হোটেলে ঘটে যাওয়া স্মরণকালের অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারানো সাতজন বাংলাদেশির মধ্যে ছয়জনের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়েছে। শনিবার (২২ আগস্ট) সাতক্ষীরা, বেনাপোল ও ভোমরা সীমান্ত দিয়ে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এক বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল ইসলাম ভূঁইয়া এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত বুধবার (১৯ আগস্ট) মধ্যরাতে কলকাতার এক আবাসিক হোটেলে হঠাৎ আগুন লেগে মর্মান্তিক এই প্রাণহানির ঘটনা ঘটে। মর্মান্তিক এই দুর্ঘটনার পর থেকেই কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশন স্থানীয় প্রশাসন, হাসপাতাল কর্তৃপক্ষ ও শোকাহত পরিবারগুলোর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে। মরদেহ দেশে দ্রুত ও নিরাপদে ফিরিয়ে আনার সমস্ত আইনি ও কূটনৈতিক আনুষ্ঠানিকতা অত্যন্ত দ্রুততার সাথে সম্পন্ন করা হয়।

শনিবার সকালে সাতক্ষীরার বাসিন্দা এস এম আলীমুজ্জামানের মরদেহ ঘোজাডাঙ্গা-ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে আনা হয় এবং প্রশাসনিক প্রক্রিয়া শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে, বিকেলে পেট্রাপোল-বেনাপোল সীমান্ত পয়েন্ট দিয়ে কুষ্টিয়ার দেবাশীষ দত্ত এবং একই পরিবারের সদস্য আফসানা শারমিন, স্বর্ণশীষ দত্ত ও মো. আকরাম আলীর মরদেহ দেশে পৌঁছায়। একই সীমান্ত দিয়ে ঢাকার আমিনবাজারের বাসিন্দা নিহত বাবু আহমেদের মরদেহও স্বজনদের হাতে তুলে দেওয়া হয়।

অন্যদিকে, অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আরেক বাসিন্দা রেপতি সরকারের মরদেহ পরিবারের ইচ্ছা অনুযায়ী শুক্রবার রাতে কলকাতাতেই সৎকারের ব্যবস্থা করা হয়। উপ-হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, মরদেহ সংরক্ষণ, পরিবহন, দেশে ফেরত পাঠানো ও সৎকারসহ পুরো প্রক্রিয়ায় প্রয়োজনীয় সমস্ত আর্থিক ও কূটনৈতিক সহায়তা দেওয়া হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *