প্রধান খবর

সুনামগঞ্জে আ.লীগের ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা কমিটির সাধারণ সম্পাদকসহ ১৯ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বিশ্বম্ভরপুর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার বাদী বিশ্বম্ভরপুর উপজেলার শ্রীধরপুর গ্রামের সোহাগ তালুকদার। এজাহারে আসামিদের বিরুদ্ধে মিছিল ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. তৈয়বুর রহমান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক মেহেদী হাসান সাকিব, সাবেক সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, জেলা ছাত্রলীগের সভাপতি দীপঙ্কর কান্তি দে, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাফায়েত জামিল এবং বিশ্বম্ভরপুর উপজেলা যুবলীগের সভাপতি খালেদ তালুকদার।

এজাহার সূত্রে জানা গেছে, ১৯ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ১ নম্বর সলুকাবাদ ইউনিয়নের রসুলপুর এলাকায় জামিয়া আবু হুরাইরা (রা.) এতিমখানা মাদ্রাসা সংলগ্ন স্থানে আসামিরা নাশকতার মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারায় মামলাটি করা হয়েছে। মামলার তদন্তভার পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আকতার হোসেনের ওপর ন্যস্ত করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *