যুক্তরাষ্ট্রে স্বাস্থ্যবিমা হারানোর ভয়ে লাখ লাখ কর্মী অনিচ্ছা সত্ত্বেও পুরনো চাকরি আঁকড়ে ধরে রাখতে বাধ্য হচ্ছেন। ‘ওয়েস্ট হেলথ-গ্যালাপ সেন্টার অন হেলথকেয়ার ইন আমেরিকা’-এর সাম্প্রতিক এক জরিপ অনুযায়ী, নিয়োগদাতার দেওয়া স্বাস্থ্যবিমার ওপর নির্ভরশীল প্রায় ২৪ শতাংশ কর্মী এই ‘জব লক’ পরিস্থিতিতে রয়েছেন। সংখ্যার হিসাবে যা প্রায় ২ কোটি ৩০ লাখ প্রাপ্তবয়স্ক মানুষের সমান।
২০২৫ সালের শেষভাগে অনুষ্ঠিত এই জরিপে দেখা যায়, ২০২১ সালের তুলনায় এ ধরনের কর্মীর হার ৮ শতাংশ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। চিকিৎসা ব্যয়ের ধারাবাহিক বৃদ্ধির ফলে বর্তমানে ৫১ শতাংশ মার্কিন নাগরিক আগামী এক বছরের স্বাস্থ্যসেবার খরচ মেটানো নিয়ে তীব্র অনিশ্চয়তায় ভুগছেন।
জরিপের বিশ্লেষণে বিশেষ কিছু প্রবণতা ফুটে উঠেছে- যেসব কর্মীর ওপর ব্যক্তিগত বা পারিবারিক চিকিৎসা ঋণের চাপ রয়েছে, তাঁদের ৪৪ শতাংশই স্বাস্থ্যবিমা টিকিয়ে রাখতে বাধ্য হয়ে বর্তমান চাকরিতে থেকে যাচ্ছেন। পুরুষদের (২০%) তুলনায় নারী কর্মীদের (৩০%) মধ্যে এই ‘জব লক’-এর হার লক্ষণীয়ভাবে বেশি। একাধিক ক্রনিক বা দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত কর্মীদের ক্ষেত্রে এই হার সর্বোচ্চ ৪১ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।
বিশেষজ্ঞদের মতে, যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে স্বাস্থ্যবিমা চাকরির সঙ্গে সরাসরি যুক্ত থাকার ফলে কর্মীরা নতুন পেশাগত সুযোগ গ্রহণ, বেতন বৃদ্ধি কিংবা নতুন ব্যবসা শুরু করার ঝুঁকি নিতে পারছেন না, যা সামগ্রিক অর্থনীতিতে ক্ষতিকর প্রভাব ফেলছে।

