বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “ফেরারি পাখিরা কখনো ফেরে না, শেখ হাসিনাও ফিরতে পারবে না।” তিনি মন্তব্য করেন, যদি তাঁকে জোর করে দেশ থেকে বের করা হতো তবে হয়তো ফেরার সুযোগ থাকত।
রবিবার (১৬ আগস্ট) দুপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জুলাই গণঅভ্যুত্থান-২০২৪’-এর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ‘জুলাইয়ের চেতনা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, লেনিন কিংবা ইমাম খোমেনি দেশে ফিরেছিলেন কারণ তারা দেশের টাকা পাচার করেননি বা ব্যাংক লুট করেননি। তবে নিজেদের মধ্যে ঐক্য না থাকলে ফ্যাসিস্ট অন্য কোনো রূপে ফিরে আসার চেষ্টা করতে পারে বলেও তিনি সতর্ক করেন।
জুলাই আন্দোলনকে দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে উল্লেখ করে বহুদলীয় গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করার আহ্বান জানান তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সভায় বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্যবৃন্দসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

