ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ বালির কাছে একটি ফেরিতে অগ্নিকাণ্ডের পর শতাধিক যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে বালি থেকে লম্বক দ্বীপে যাওয়ার পথে মাঝসমুদ্রে ফেরিটিতে আগুন লাগে।
যাত্রী তালিকা অনুযায়ী, ফেরিটিতে অন্তত ১১৪ জন যাত্রী ও ক্রু ছিলেন। আগুন লাগার পর নৌবাহিনীর একটি জাহাজসহ কয়েকটি উদ্ধারকারী নৌযান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। পরে অন্তত তিনটি জাহাজে করে সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। পরিস্থিতি পর্যবেক্ষণে একটি হেলিকপ্টারও ব্যবহার করা হয়।
লম্বকের মাতারাম এলাকার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ হারিয়াদি জানান, ফেরিটিতে থাকা মোট যাত্রীর সংখ্যা যাচাই করা হচ্ছে। তবে এখন পর্যন্ত সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
কয়েক দিনের ব্যবধানে ইন্দোনেশিয়ায় ফেরিতে অগ্নিকাণ্ডের এটি দ্বিতীয় ঘটনা। এর আগে গত সপ্তাহে জাভা দ্বীপের কাছে একটি ফেরিতে আগুন লেগে পাঁচজন নিহত হন।
১৭ হাজারের বেশি দ্বীপ নিয়ে গঠিত ইন্দোনেশিয়ায় নৌপথে যাতায়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটিতে প্রায়ই নৌযান দুর্ঘটনার ঘটনা ঘটে। দুর্বল নিরাপত্তাব্যবস্থা ও বৈরী আবহাওয়াকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচনা করা হয়।

