আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও তার পরিবারের মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। একই সঙ্গে মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার পরিবার পাকিস্তানি শাসকগোষ্ঠীর আশ্রয়-প্রশ্রয়ে ঢাকায় অবস্থান করেছিল বলেও দাবি করেন তিনি।
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে রিজভী এসব কথা বলেন।
রিজভী বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন বরেণ্য মুক্তিযোদ্ধা ও স্বাধীনতার ঘোষক। তার ভাষ্য অনুযায়ী, মুক্তিযুদ্ধের সঙ্গে সম্পৃক্ত এই পরিবারকে রাজনৈতিকভাবে দুর্বল করতে শেখ হাসিনা বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন। তিনি দাবি করেন, শেখ হাসিনা ও তার পরিবারের মুক্তিযুদ্ধে উল্লেখযোগ্য কোনো অবদান ছিল না।
বিএনপির এই নেতা আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশপ্রেম ও জনপ্রিয়তা শেখ হাসিনা সহ্য করতে পারেননি। এ কারণে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
এ সময় রিজভী আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্তমানে কিছু রাজনৈতিক দল একাত্তরের মুক্তিযুদ্ধের ইতিহাসকে খাটো করা বা ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করছে। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার সঙ্গে জিয়াউর রহমানের ভূমিকা ইতিহাস থেকে মুছে ফেলারও চেষ্টা চলছে।
একটি চিত্র প্রদর্শনীতে ১৯৪৭ সাল থেকে জুলাই আন্দোলন পর্যন্ত বিভিন্ন ঘটনা তুলে ধরা হলেও সেখানে জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার বিষয়টি উপস্থাপন করা হয়নি—এমন অভিযোগও করেন রিজভী। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে একাত্তরের ইতিহাসকে গুরুত্বহীন করে তোলার চেষ্টা চলছে।

