ভারত থেকে আসছে ১৯ রেল কোচ

বাংলাদেশ রেলওয়ের জন্য ভারতের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে (আরসিএফ) তৈরি করা ১৯টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম রেক আনুষ্ঠানিকভাবে রোল আউট হচ্ছে। বুধবার (১২ আগস্ট) এর উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) জানিয়েছে, প্রথম রেকে রয়েছে তিনটি এসি স্লিপার, তিনটি এসি চেয়ার, ১১টি নন-এসি চেয়ার কোচ এবং দুটি পাওয়ার কার। বাংলাদেশ রেলওয়ের যাত্রীসেবা ও পরিচালনাগত চাহিদা বিবেচনায় নিয়ে এসব কোচের নকশা ও বিভিন্ন সুবিধা নির্ধারণ করা হয়েছে।

যাত্রীদের আরাম নিশ্চিত করতে কোচগুলোতে রিক্লাইনিং চেয়ার, স্টেইনলেস স্টিলের আর্মরেস্ট ও ফুটরেস্ট রাখা হয়েছে। এছাড়া এসি কোচে ফ্যান, সিসিটিভি নজরদারি, অ্যালার্ম ব্যবস্থা, আংশিক খোলা যায় এমন জানালা, শিশু পরিচর্যা কক্ষ ও নামাজের কক্ষ রয়েছে। বাংলাদেশের পরিচালনাগত পরিস্থিতি বিবেচনায় কোচের ছাদও শক্তিশালী করা হয়েছে।

নিরাপত্তার ক্ষেত্রেও আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে। ইউরোপীয় মানদণ্ড EN 15227 অনুসরণ করে সংঘর্ষের সময় যাত্রীদের নিরাপত্তা বাড়ানোর লক্ষ্যে কোচের বডি শেলের নকশায় পরিবর্তন আনা হয়েছে। বাংলাদেশ রেলওয়ের বৈদ্যুতিক ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে ভারতীয় রেলের প্রচলিত ৭৫০ ভোল্টের পরিবর্তে কোচগুলোতে ৪১৫ ভোল্টের বৈদ্যুতিক ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ রেলওয়ের সঙ্গে কাপুরথালা রেল কোচ ফ্যাক্টরির দীর্ঘদিনের সহযোগিতা রয়েছে। ২০১৫-১৬ সালে প্রতিষ্ঠানটি বাংলাদেশকে ১২০টি এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচ সরবরাহ করেছিল। পরে ২০২৪ সালে সাত ধরনের ২০০টি ব্রডগেজ যাত্রীবাহী কোচ তৈরির অর্ডার দেওয়া হয়। এবারের ১৯ কোচের রেক ওই অর্ডারের প্রথম চালান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *