রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় এক মর্মান্তিক ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। ঘরের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে সারা রোকসানা পিনু (৪০) নামে এক নারী ডেন্টাল টেকনোলজিস্ট ও চিকিৎসককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনদের অভিযোগ, তাকে বালিশচাপা দিয়ে হত্যার পর ঘরের সমস্ত স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে খুনিরা। দিনদুপুরে সংঘটিত এই নৃসংশ হত্যাকাণ্ডে পুরো এলাকায় তীব্র আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
নিহত সারা রোকসানা পিনু কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূঁইয়া বাড়ি এলাকার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। তিনি পরিবারসহ দক্ষিণখানের ফায়দাবাদের একটি ফ্ল্যাটে বসবাস করতেন। স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকেলে যখন ঘটনাটি ঘটে, তখন রোকসানা বাসায় একাই ছিলেন। তার স্বামী অফিসে ছিলেন এবং নিহতের ছোট মেয়েকে স্কুলে পৌঁছে দিয়েছিলেন। প্রতিদিনের নিয়ম অনুযায়ী স্কুল শেষে মায়ের মেয়েকে নিয়ে আসার কথা থাকলেও, তিনি না যাওয়ায় মেয়েটি নিজে বাসায় ফিরে মায়ের মরদেহ দেখতে পায়।
ঘটনার বর্ণনা দিয়ে নিহতের ছেলে জানায়, “আমি বাইরে ছিলাম। বাসায় ফিরে দেখি গেস্ট রুমে আম্মুর মরদেহ পড়ে রয়েছে। গ্রিল কেটে ঘরে ঢুকে তাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। মূলত অলংকারের লোভেই দুষ্কৃতকারীরা এই ঘটনা ঘটিয়েছে এবং ঘর থেকে সমস্ত স্বর্ণ ও নগদ টাকা লুট করেছে।” খবর পেয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগ ও দক্ষিণখান থানা-পুলিশ বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে।
দক্ষিণখান থানার উপপরিদর্শক (এসআই) হাবিব এবং উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, বিকেল ৩টার পর জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা ঘরের ভেতরে ঢোকে। আসবাবপত্র এলোমেলো অবস্থায় পাওয়া গেছে এবং প্রাথমিক আলামতে এটি একটি পরিকল্পিত চুরি ও হত্যাকাণ্ডের ঘটনা বলে মনে হচ্ছে। তবে হত্যাকাণ্ডে ঠিক কতজন জড়িত ছিল এবং খোয়া যাওয়া মালামালের সুনির্দিষ্ট তালিকা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
এদিকে দিনদুপুরে এমন দুঃসাহসিক ও নির্মম হত্যাকাণ্ডের পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন তারা। পুলিশ নিশ্চিত করেছে যে, ঘটনার রহস্য উন্মোচন ও জড়িতদের গ্রেফতারে ইতোমধ্যে একাধিক টিম মাঠে কাজ শুরু করেছে।

