প্রধান খবর

তীব্র বিতর্কের মুখে বিশ্বকাপের অংশীদারিত্ব বিক্রির বিশাল পরিকল্পনা বাতিল করল ফিফা

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফুটবল বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির উচ্চাভিলাষী ও বিতর্কিত পরিকল্পনাটি শেষ পর্যন্ত বাতিল ঘোষণা করেছে। বিশ্বজুড়ে তীব্র সমালোচনা ও ফুটবল সংশ্লিষ্ট সংগঠনগুলোর চরম বিরোধিতার মুখে পড়ে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

আন্তর্জাতিক গণমাধ্যমের বরাতে জানা গেছে, ইনফান্তিনো স্পষ্ট করে জানিয়েছেন-প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগটি এতটাই বিতর্কিত ও বিভাজন সৃষ্টিকারী হয়ে উঠেছিল যে, তা আর সামনে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এক বিবৃতিতে ফিফা প্রধান বলেন, “আমাদের মূল উদ্দেশ্য ফুটবলের সার্বিক উন্নয়ন এবং ফিফার সে লক্ষ্য এখনো অপরিবর্তিত রয়েছে। যে উদ্যোগটি বিশ্ব ফুটবলে বিভাজন তৈরি করেছে, সেটি বাতিল করাই শ্রেয়। আমরা এখন সব পক্ষকে একত্রিত করে কাজ করতে চাই; বিশেষ করে যেসব দেশে ফুটবলের বিকাশ ও সমর্থন সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে দৃষ্টি দেওয়া হবে।”

প্রস্তাবিত ও বাতিল হওয়া এই বিশাল পরিকল্পনায় ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে এক নতুন অঙ্গপ্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ২০ বিলিয়ন ডলার সমমূল্যের একটি নতুন সাবসিডিয়ারি তৈরি করার কথা ছিল। সেখান থেকেই ২০ শতাংশের বেশি শেয়ার বা অংশীদারিত্ব আন্তর্জাতিক বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির তোড়জোড় চলছিল। কিন্তু ক্রীড়াবোদ্ধা ও বিভিন্ন ফুটবল বোর্ডের আপত্তির মুখে শেষ পর্যন্ত ফিফা ব্যাকফুটে হটতে বাধ্য হয়।

উল্লেখ্য, ৫৬ বছর বয়সী ইনফান্তিনো বিশ্বকাপের সময় মার্কিন যুক্ত রাষ্ট্রের নেতৃত্ব ও প্রভাবশালীদের সাথে ঘনিষ্ট সম্পর্ক বজায় রাখার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন। তবে ফিফার এই নিজস্ব বাণিজ্যিক ও প্রশাসনিক সিদ্ধান্তে ফুটবল ভক্ত ও সংশ্লিষ্টদের তীব্র নেতিবাচক প্রতিক্রিয়ার কারণেই বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাটি তাদের বাণিজ্যিক অবস্থান পরিবর্তন করতে বাধ্য হলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *