হবিগঞ্জ পৌর এলাকায় প্রশাসন কর্তৃক ১৪৪ ধারা জারি থাকায় তীব্র বাধার মুখে পড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃত্ব। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টা শ্রীমঙ্গল ও মিরপুর এলাকায় অবরুদ্ধ ও অবস্থান নেওয়ার পর অবশেষে বাহুবল থানার কামাইছরা পুলিশ ফাঁড়িতে গিয়ে অনলাইনের মাধ্যমে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন দলটির শীর্ষ নেতারা।
আজ বুধবার রাত সাড়ে ৮টার দিকে এই অভিযোগ দায়ের করা হয়। এ সময় এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, নাসিরউদ্দিন পাটোয়ারী, মিতুসহ স্থানীয় শীর্ষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বিকেলে শ্রীমঙ্গলে পুলিশের প্রথম বাধার সম্মুখীন হন এনসিপির কেন্দ্রীয় নেতারা। বাধা উপেক্ষা করে তারা হবিগঞ্জের দিকে এগোতে চাইলে পরবর্তীতে হবিগঞ্জের মিরপুর এলাকায় আবারও পুলিশের ব্যারিকেডের মুখে পড়েন। একপর্যায়ে পুলিশের বাধার প্রতিবাদে রাস্তার ওপর বসে পড়ে অবস্থান নেন এনসিপির শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, সম্প্রতি হবিগঞ্জে এনসিপি নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ এই কর্মসূচি ঘোষণা করা হয়। তবে একই সময়ে ও স্থানে বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলো পাল্টা প্রতিবাদ কর্মসূচির ডাক দেওয়ায় সংঘর্ষের আশঙ্কায় জেলা প্রশাসন হবিগঞ্জ পৌর এলাকায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে। উদ্ভূত পরিস্থিতিতে শহর ও মহাসড়কে বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

