ইসরায়েলি সেনাবাহিনীতে বাড়ছে আত্মহত্যা, দুই দিনে দুই নারী সেনার আত্মহনন

 গাজায় দীর্ঘস্থায়ী ও নৃশংস যুদ্ধ এবং একাধিক ফ্রন্টে টানা সামরিক সংঘাতের নেতিবাচক প্রভাবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের মধ্যে তীব্র মানসিক অবসাদ ও আত্মহত্যার প্রবণতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। ২০২৬ সালের শুরু থেকে এখন পর্যন্ত অন্তত ১৬ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করে নিজেদের জীবনের ইতি টেনেছেন।

আজ বুধবার ইসরায়েলি প্রভাবশালী সংবাদপত্র ‘হারেৎস’-এর এক বিশেষ প্রতিবেদনে আইডিএফ-এর ভেতরের এই উদ্বেগজনক চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি মাত্র দুই দিনের ব্যবধানে দুজন নারী সেনার আত্মহত্যার ঘটনা সামরিক বাহিনীর অভ্যন্তরীণ সংকটকে নতুন করে প্রকাশ্যে এনেছে। নিহতদের একজন মিশর সীমান্তের ‘বারদেলাস ব্যাটালিয়নে’ এবং অন্যজন তেল আবিবের কাছে ‘গ্লিলট’ সামরিক গোয়েন্দা ঘাঁটিতে দায়িত্বরত ছিলেন। গোয়েন্দা বিভাগের ওই নারী সদস্য তীব্র মানসিক চাপের কারণে দায়িত্ব কমানোর আবেদন জানালেও সামরিক কর্তৃপক্ষ তা সরাসরি প্রত্যাখ্যান করেছিল বলে জানা গেছে।

বর্তমানে এই আত্মহননের ঘটনাগুলোর তদন্ত চালাচ্ছে ইসরায়েলি মিলিটারি পুলিশ। আন্তর্জাতিক প্রতিরক্ষা বিশ্লেষক ও বিশেষজ্ঞদের মতে, যুদ্ধক্ষেত্রে দীর্ঘকালীন অবস্থান এবং যুদ্ধের নৃশংসতা সরাসরি প্রত্যক্ষ করার ফলে সেনাদের মানসিক স্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালেও অন্তত ২২ জন ইসরায়েলি সেনা আত্মহত্যা করেছিলেন, যা ছিল বিগত ১৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেকর্ড।

ধারাবাহিকভাবে সেনা সদস্যদের আত্মহত্যার পথ বেছে নেওয়ার ঘটনাকে ইসরায়েলি সামরিক কাঠামোর ভেতরে এক গভীর মনস্তাত্ত্বিক বিপর্যয় ও নীতিগত সংকট হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *