ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির চাপায় নারীর দুই পা থেঁতলে গেছে

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত যানবাহনের চাপায় এক নারী (৪৫) গুরুতর আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় ওই নারীর দুই পা চরমভাবে থেঁতলে গেছে বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্ধারকারী দল।

মঙ্গলবার সকাল ৬টা ৩৫ মিনিটের দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকার ঢাকামুখী লেনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে শ্রীনগরের ষোলঘর স্ট্যান্ড সংলগ্ন স্থানে ঢাকামুখী লেনে রাস্তা পার হচ্ছিলেন ওই নারী। এ সময় তীব্র গতিতে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে সজোরে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গাড়ির চাকায় পিষ্ট হয়ে তার দুটি পাই মারাত্মকভাবে থেঁতলে যায় এবং তিনি সড়কে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন।
খবর পেয়ে শ্রীনগর ফায়ার স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভুক্তভোগীকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে। পরবর্তীতে তাকে দ্রুত চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় তিনি আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে পুলিশ ও স্থানীয় প্রশাসন কাজ করছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীদের সতর্ক করে বলেন, হাইওয়ে বা এক্সপ্রেসওয়ের মতো দ্রুতগতির ব্যস্ত সড়কগুলোতে কোনো পথচারীর হঠাৎ হেঁটে পারাপার হওয়া চরম ঝুঁকিপূর্ণ। দুর্ঘটনা এড়াতে যেখানে ফুটওভার ব্রিজ বা আন্ডারপাস রয়েছে, পথচারীদের শুধুমাত্র সেগুলো ব্যবহার করেই সড়ক পার হওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *