প্রধান খবর

রাব্বি-নাসুমসহ ৪ ক্রিকেটারকে জরিমানা

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি আসরে আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে অসদাচরণ করায় চার ক্রিকেটারকে আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। ২৬ ফেব্রুয়ারি বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ইস্ট জোন ও সেন্ট্রাল জোনের মধ্যকার ম্যাচে এ ঘটনা ঘটে।

ইস্ট জোনের অধিনায়ক ইয়াসির আলি চৌধুরী রাব্বি ম্যাচের দুই ইনিংসেই আম্পায়ারিং নিয়ে প্রকাশ্যে অসন্তোষ জানান। একই দলের নাসুম আহমেদ ও পারভেজ হোসেন ইমন-ও ক্ষোভ প্রকাশ করেন। অপরদিকে সেন্ট্রাল জোনের অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন-কেও অসদাচরণের দায়ে শাস্তি দেওয়া হয়েছে।

বিসিবির আম্পায়ারস বিভাগ সূত্রে জানা গেছে, রাব্বিকে ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা ও দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। নাসুম ও ইমন প্রত্যেকে ৩০ শতাংশ ম্যাচ ফি জরিমানা এবং দুটি করে ডিমেরিট পয়েন্ট পেয়েছেন। অঙ্কনের ক্ষেত্রে ১৫ শতাংশ ম্যাচ ফি কেটে নেওয়া হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

প্রথম ইনিংসে রাব্বির আউটকে কেন্দ্র করে বিতর্কের সূত্রপাত হয়। ভিডিও ফুটেজে ক্যাচ নেওয়ার সময় ফিল্ডারের পা সীমানা স্পর্শের ইঙ্গিত মিললেও টিভি আম্পায়ার না থাকায় মাঠের সিদ্ধান্ত বহাল থাকে। দ্বিতীয় ইনিংসে কট বিহাইন্ডের আবেদন নাকচ হলে রাব্বি, নাসুম ও ইমন ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ইমন বল মাটিতে আছড়ে মারেন, যা আচরণবিধি লঙ্ঘনের পর্যায়ে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *