মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা ও একাধিক দেশে বিস্ফোরণের ঘটনার প্রেক্ষিতে ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) বোসরা ইসলাম জানান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইনে চলমান পরিস্থিতির কারণে বিমানের মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট স্থগিত রাখা হয়েছে।
এদিকে বেসরকারি এয়ারলাইন্স ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রিয়াদ, জেদ্দা ও দাম্মামসহ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো আপাতত বন্ধ রয়েছে। বিকেল পর্যন্ত ইউএস-বাংলার মধ্যপ্রাচ্য রুটে চলাচলরত কোনো উড়োজাহাজ আকাশে ছিল না; সবগুলো নিজ নিজ বিমানবন্দরে অবস্থান করছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

