প্রধান খবর

রিয়াদে বিস্ফোরণ, উপসাগরজুড়ে উত্তেজনা

সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। বার্তা সংস্থা এএফপি জানায়, রিয়াদের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে বিস্ফোরণের কারণ, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।

এদিকে উপসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে। এরই মধ্যে বাহরাইন, কুয়েত ও আবুধাবিতেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে।

বাহরাইন নিশ্চিত করেছে, দেশটিতে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে হামলার চেষ্টা হয়েছে। একই সময়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালিয়েছে বলেও বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির অবস্থান নিরাপত্তাজনিত কারণে গোপন রাখা হয়েছে। স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণের শব্দ শোনার পাশাপাশি বিভিন্ন এলাকায় ধোঁয়া দেখতে পেয়েছেন বলে জানিয়েছেন।

সম্প্রতি কূটনৈতিক সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ার পর অঞ্চলজুড়ে সামরিক উত্তেজনা দ্রুত বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *