প্রধান খবর

স্পেনের দাবানলে নিহত ১৩ জন, ১২ জনই বিদেশি

স্পেনের দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলে ভয়াবহ দাবানলে নিহত ১৩ জনের মধ্যে ১২ জনই বিদেশি নাগরিক বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (১৪ জুলাই) ময়নাতদন্ত শেষে নিহতদের পরিচয় প্রকাশ করা হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সাতজন যুক্তরাজ্যের, তিনজন বেলজিয়ামের, একজন ফ্রান্সের এবং একজন যুক্তরাষ্ট্রের নাগরিক। এছাড়া একজন স্পেনের নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আটজন নারী ও পাঁচজন পুরুষ, সবাই প্রাপ্তবয়স্ক।

গত বৃহস্পতিবার ভূমধ্যসাগর উপকূলবর্তী আলমেরিয়া প্রদেশে দাবানলের সূত্রপাত হয়। প্রবল বাতাস ও তীব্র তাপপ্রবাহের কারণে আগুন দ্রুত বনাঞ্চল ও শুকনো ঝোপঝাড়ে ছড়িয়ে পড়ে। এতে কয়েকটি গ্রামীণ এলাকা খালি করে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়।

কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, সড়কের ওপর একটি বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ার ঘটনা থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এ ঘটনায় প্রায় ৭ হাজার হেক্টর এলাকা পুড়ে গেছে। বর্তমানে আগুন নিয়ন্ত্রণে এসেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় বাসিন্দাদের ফিরতে দেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *