প্রধান খবর

প্রতি বছর একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে দেশকে আরও সবুজ ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর পরামর্শ দেন তিনি।

বুধবার (১৫ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রদান অনুষ্ঠানের আগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে একযোগে প্রায় ২ লাখ চারা রোপণ কর্মসূচির সূচনা করা হয়।

শিশুদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, প্রতি বছর অন্তত একটি করে গাছ রোপণ করার পাশাপাশি সেই গাছের পরিবেশগত গুরুত্ব, অক্সিজেন উৎপাদন এবং মানুষের উপকারিতা সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। তিনি প্রযুক্তির সহায়তায় বিভিন্ন গাছ সম্পর্কে গবেষণা ও নতুন তথ্য জানারও আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী প্রাণ-প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প পরিদর্শন করেন। এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, সংশ্লিষ্ট উপদেষ্টা এবং ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *