বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান এক দিনের সরকারি সফরে বরিশালে পৌঁছেছেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল বিভাগে এটিই তার প্রথম আনুষ্ঠানিক সফর। সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার পর তিনি সড়কপথে বরিশালে এসে পৌঁছান। প্রধানমন্ত্রীর এই আগমনকে কেন্দ্র করে গোটা দক্ষিণাঞ্চলজুড়ে সাধারণ মানুষ ও রাজনৈতিক নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে।
সফরসূচি অনুযায়ী, আজ সোমবার সকাল ৬টার দিকে ঢাকার গুলশানের বাসভবন থেকে বরিশালের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। দিনব্যাপী এই সফরে তিনি পরিবেশ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাংগঠনিক একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন। তার এই সফরকে ঘিরে বরিশাল জেলা ও এর আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্ধারিত কর্মসূচির মধ্যে অন্যতম হচ্ছে পরিবেশ রক্ষায় বিশেষ বৃক্ষরোপণ অভিযান। তিনি গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে নবখনন করা সরিকল খালের পাশে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এর পাশাপাশি বরিশাল জেলা সদরের ত্রিশ গোডাউন বধ্যভূমি স্মৃতিসৌধ এলাকা এবং ত্রিশ গোডাউনসংলগ্ন সাগরদী খালের তীরেও বৃক্ষরোপণ কর্মসূচিতে তার অংশ নেওয়ার কথা রয়েছে।
বৃক্ষরোপণ ছাড়াও সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে গৌরনদীতে সাধারণ মানুষের মাঝে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর বিকেল ৩টায় জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত একটি বিশেষ সাংগঠনিক মতবিনিময় সভায় যোগ দেবেন তিনি। সেখানে বরিশাল জেলা ও মহানগর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর তৃণমূল ও শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। নির্ধারিত সকল কর্মসূচি শেষ করে আজ সন্ধ্যায় সড়কপথেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

