প্রধান খবর

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে পাল্টাপাল্টি সামরিক হামলা এবং হরমুজ প্রণালিতে জ্বালানি পরিবহন ব্যাহত হওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ৪ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।

সোমবার (১৩ জুলাই) গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৩টা ২৫ মিনিট পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ১০ ডলার বা ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে ৭৯ দশমিক ১১ ডলারে পৌঁছায়। একই সময়ে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২ দশমিক ৯৫ ডলার বা ৪ দশমিক ১১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৪ দশমিক ৩৬ ডলারে উন্নীত হয়।

মার্কিন বাহিনীর পক্ষ থেকে ইরানের বন্দর আব্বাস, সিরিক, জাস্ক ও কেশম দ্বীপসহ বিভিন্ন এলাকায় সামরিক অভিযান পরিচালনার পর উত্তেজনা আরও বৃদ্ধি পায়। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের পরস্পরবিরোধী অবস্থান নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) উল্লেখযোগ্য অংশ এই নৌপথ দিয়ে পরিবাহিত হওয়ায় এর কার্যক্রমে বিঘ্ন ঘটার আশঙ্কা আন্তর্জাতিক জ্বালানি বাজারকে আরও চাপে ফেলছে। একই সঙ্গে দুই দেশের পূর্ববর্তী অন্তর্বর্তীকালীন সমঝোতার ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *