প্রধান খবর

বিকেলে ব্যারিস্টার জমির উদ্দিনের জানাজা, দাফন হবে সংসদ চত্বরে

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা আজ (রোববার) বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে জাতীয় সংসদের নির্ধারিত কবরস্থানে দাফন করা হবে।

জাতীয় সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাষ্ট্রের এই প্রবীণ ব্যক্তিত্বের জানাজা শেষে সংসদের নির্ধারিত চত্বরে তার দাফন সম্পন্ন করা হবে। রোববার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।

১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যের লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন। দেশে ফিরে সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান আইনজীবী হিসেবে সুনাম অর্জন করেন।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করে দেশের সংসদীয় গণতন্ত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *