গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের দক্ষিণ কঞ্চিপাড়া (মাঝিপাড়া) গ্রামে বেকি দিয়ে শাহজালাল নামের এক কৃষককে হত্যা করা হয়েছে। গভীর রাতে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ডের পর তার গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার দাবি করেছে, পারিবারিক বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড ঘটেছে।
শনিবার রাতের খাবার খেয়ে শাহজালাল বারান্দার টিনঘরে ঘুমিয়ে পড়েন। স্ত্রী গোলেদা বেগম মূল ঘরে ছিলেন। রাত ২টার দিকে তিনি গোঙরানোর শব্দ শুনে বারান্দায় গিয়ে দেখেন, স্বামী রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন এবং তার গলা কাটা। হত্যায় ব্যবহৃত ছুরিটি মরদেহের পাশেই পড়ে ছিল। পরে স্থানীয়দের খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত শাহজালাল ওই গ্রামের মৃত নিয়ামত উল্লার ছেলে এবং পেশায় কৃষক ছিলেন, পাশাপাশি বাঁশের কাজ করতেন। স্থানীয় সূত্র জানিয়েছে, পারিবারিক বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল, যা এই হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে পরিবারের দাবি।

