ভারতের দক্ষিণাঞ্চলীয় শহর হায়দ্রাবাদে মার্কিন কনসুলেট-সংলগ্ন একটি সড়কের নামকরণ করা হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’। তেলেঙ্গানা সরকারের এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রের প্রতি শ্রদ্ধাঞ্জলি এবং ভারত-মার্কিন সম্পর্কের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতার প্রতীক হিসেবে বর্ণনা করেছে রাজ্য সরকার। নতুন নামকরণ করা সড়কটির খুব কাছেই মাইক্রোসফট, গুগল এবং আমাজনের মতো শীর্ষ মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় অবস্থিত, যা এই সিদ্ধান্তকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।
তেলেঙ্গানার উপমুখ্যমন্ত্রী মাল্লু ভাট্টি বিক্রমর্ক ও ভারতে নিযুক্ত মার্কিন দূত সার্জিও গরের নামফলক উন্মোচনের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ শেয়ার করেছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে তিনি লিখেছেন, ভারতের হায়দ্রাবাদে ‘ডোনাল্ড ট্রাম্প অ্যাভিনিউ’ নামকরণ তার জন্য বিশেষ সম্মান, এবং মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তিনিই প্রথম ব্যক্তি যার নামে ভারত কোনো সড়কের নাম রেখেছে। তিনি এ জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান।
রাজ্য সরকারের মতে, হায়দ্রাবাদ এখন ভারত-মার্কিন প্রযুক্তি ও কূটনৈতিক সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র, আর এই সড়কের নামকরণ সেই সম্পর্কের প্রতীকী স্বীকৃতি।

