লিওনেল মেসির নাম শুনলে যে কোনো কোচের চোখ উজ্জ্বল হয়ে ওঠার কথা। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন আর্জেন্টাইন অধিনায়ক। টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার আসনটাও এখন তার দখলে। কিন্তু স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তের কাছে যদি পছন্দের আর্জেন্টাইন ফুটবলারের নাম জানতে চাওয়া হয়, তালিকার শীর্ষে থাকছেন না মেসি। তার পছন্দ হুলিয়ান আলভারেজ।
সৌদি আরবের বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচের আগে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান দে লা ফুয়েন্তে। তার মতে, আলভারেজের খেলার ধরন স্পেনের ফুটবল দর্শনের সঙ্গে দারুণভাবে মানিয়ে যেত। স্প্যানিশ সংবাদমাধ্যম এল পার্তিদাসো দে কোপে-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আলভারেজ তার দলের খেলার ধরনে “খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় হয়ে উঠতে পারতেন”। শুধু প্রশংসাই নয়, আলভারেজকে নিয়ে নিজের মুগ্ধতার কথাও অকপটে স্বীকার করেন তিনি।
দে লা ফুয়েন্তের এমন মন্তব্য হঠাৎ নয়। ইউরোপিয়ান ফুটবলে গত কয়েক মাস ধরে আলভারেজকে ঘিরে চলছে ব্যাপক আলোচনা। তাকে দলে ভেড়াতে দীর্ঘদিন ধরেই আগ্রহী বার্সেলোনা। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আর্জেন্টাইন স্ট্রাইকারকে পেতে ১০০ মিলিয়ন ইউরোর আনুষ্ঠানিক প্রস্তাবও দিয়েছিল কাতালান ক্লাবটি। তবে আতলেতিকো মাদ্রিদ সেই প্রস্তাব ফিরিয়ে দিতে সময় নেয়নি।

