প্রধান খবর

বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিকে নতুন মাইলফলক গড়লেন মেসি

বিশ্বকাপ ফুটবলে দীর্ঘ ক্যারিয়ারের প্রায় সব অর্জনই নিজের করে নিয়েছেন লিওনেল মেসি। তবে একটি রেকর্ড এতদিন অধরাই ছিল। অবশেষে সেই অপূর্ণতাও ঘুচিয়ে বিশ্বকাপ মঞ্চে নিজের প্রথম হ্যাটট্রিক সম্পন্ন করেছেন আর্জেন্টিনার অধিনায়ক। আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে তিন গোল করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন তিনি।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় আর্জেন্টিনা। প্রথমার্ধের ১৭তম মিনিটে রদ্রিগো ডি পলের পাস থেকে বল পেয়ে দূরপাল্লার শটে গোল করে দলকে এগিয়ে দেন মেসি। আলজেরিয়ার গোলরক্ষক শটটি ঠেকানোর চেষ্টা করলেও বল জালে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার আধিপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে। ম্যাচের ৬০তম মিনিটে গোলরক্ষকের ফিরতি বল থেকে নিজের দ্বিতীয় গোল করেন মেসি। এরপর ৭৬তম মিনিটে এনসো ফের্নান্দেসের পাস পেয়ে কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ পায়ের দুর্দান্ত শটে পূর্ণ করেন নিজের বহুল প্রতীক্ষিত বিশ্বকাপ হ্যাটট্রিক।

বিশ্বকাপে এটি ছিল মেসির ষষ্ঠ অংশগ্রহণ। ২০০৬ সাল থেকে ২০২৬ পর্যন্ত প্রতিটি বিশ্বকাপ আসরেই গোল করার বিরল কৃতিত্ব রয়েছে তার। ২০২২ সালে আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জেতানোর পর এবার ব্যক্তিগত অর্জনের খাতায় যুক্ত হলো প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিক। ৩৯ বছর বয়সেও বিশ্ব ফুটবলের সর্বোচ্চ মঞ্চে নিজের অসাধারণ দক্ষতা ও ধারাবাহিকতার প্রমাণ দিয়ে চলেছেন এই আর্জেন্টাইন মহাতারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *