সরকারবিরোধী ষড়যন্ত্র, সহিংসতায় উসকানি, অবৈধ অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে গ্রেপ্তার অবসরপ্রাপ্ত দুই সেনা কর্মকর্তার সাত দিনের রিমান্ড চেয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন লেফটেন্যান্ট কাজী গুলশান আরা (অব.) ও লেফটেন্যান্ট কর্নেল দেবাশীষ (অব.)।
সোমবার (১২ অক্টোবর) বিকেলে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের পরিদর্শক শেখ বশির আহমেদ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলমের আদালতে রিমান্ড আবেদন করেন। পল্লবী থানায় সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার সুরক্ষা অধ্যাদেশের একাধিক ধারায় মামলাটি করা হয়েছে।
রিমান্ড আবেদনে পুলিশের অভিযোগ, আসামিরা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, অনলাইন প্ল্যাটফর্ম ও ফেসবুক পেজ ব্যবহার করে রাষ্ট্রবিরোধী ও সহিংসতায় উসকানিমূলক কনটেন্ট প্রচার করছিলেন। এ ছাড়া কয়েকজন সাবেক উচ্চপদস্থ ব্যক্তি ও পলাতক রাজনৈতিক নেতার সঙ্গে তাদের যোগসাজশের অভিযোগও আনা হয়েছে।
ডিবি জানিয়েছে, সহযোগীদের শনাক্ত, ডিজিটাল আলামত সংগ্রহ এবং কথিত অবৈধ অর্থায়নের উৎস অনুসন্ধানে রিমান্ড প্রয়োজন। এর আগে রবিবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর পল্লবী ও বনানী ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

