প্রধান খবর

সিলেটে পৌঁছে শ্রীমঙ্গলের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো মৌলভীবাজার সফরে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (১৭ জুন) সকাল ১০টা ২১ মিনিটে তিনি সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পরে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের উদ্দেশে রওনা দেন।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দের পাশাপাশি প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। সফরকে কেন্দ্র করে বিমানবন্দর এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী জানান, শ্রীমঙ্গলে পৌঁছে প্রধানমন্ত্রী কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়া স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ারও কথা রয়েছে তার।

সফরসূচি অনুযায়ী, দুপুর ১টায় শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী। এ ছাড়া মৌলভীবাজারে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে উপস্থিত থাকবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে সিলেট নগরী ও আশপাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করছেন। সফর শেষে সন্ধ্যায় মৌলভীবাজার থেকে সিলেটে ফিরে রাত সাড়ে ৮টায় ঢাকার উদ্দেশে যাত্রা করার কথা রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *