প্রধান খবর

জিজ্ঞাসাবাদে দায় অস্বীকার বাবু-রূপার

২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন একাত্তর মিডিয়া লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রূপা। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার মোজাম্মেল হক বাবু এবং বুধবার ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা দাবি করেন, সংশ্লিষ্ট কর্মকাণ্ড ও সিদ্ধান্তগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সম্পাদন করা হয়েছিল।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিভিন্ন সংবাদ সম্মেলনের ভিডিও ফুটেজ দেখানো হলে মোজাম্মেল হক বাবু সেগুলোর সত্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তার দাবি, প্রদর্শিত কিছু ভিডিও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হতে পারে।

এর আগে গত ৭ মে শাপলা চত্বর হত্যাকাণ্ডের মামলায় তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। আবেদন গ্রহণ করে ট্রাইব্যুনাল তাদের কারাগারে পাঠানোর পাশাপাশি জিজ্ঞাসাবাদের অনুমতি প্রদান করেন।

প্রসিকিউশনের অভিযোগ, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে সংঘটিত ঘটনাবলির বিষয়ে মিথ্যা তথ্য প্রচার এবং হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা আড়াল করার সঙ্গে এই দুই সাংবাদিক জড়িত ছিলেন। বিষয়টি নিয়ে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *