প্রধান খবর

অধিনায়কত্ব হারালেন সূর্যকুমার যাদব, অফফর্মে দল থেকেও বাদ পড়ার শঙ্কা

মাত্র তিন মাস আগে ঘরের মাঠে ভারতের টানা দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের ট্রফি উঁচিয়ে ধরেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব। কিন্তু সেই সাফল্যের রেশ কাটতে না কাটতেই বড় ধাক্কা। আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সিরিজের আগে নেতৃত্বভার কেড়ে নেওয়া হয়েছে তার কাছ থেকে।

শুধু তাই নয়-টি-টোয়েন্টি দলেও তার জায়গা এখন অনিশ্চিত। বিসিসিআইয়ের এক মুখপাত্রের বরাতে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, নতুন ক্রিকেট চক্রের জন্য টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের পরামর্শে নতুন অধিনায়ক বেছে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

এক কর্মকর্তা জানিয়েছেন, কোচ গৌতম গম্ভীরের সঙ্গে বিসিসিআই, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের বৈঠকে সূর্যকুমারের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে। তার ভাষায় “বিশ্বকাপ জিতলেও সূর্যকুমারের দীর্ঘদিনের অফফর্ম এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় সবাই কিছুটা নড়েচড়ে বসেছেন।”

৩৫ বছর বয়সী এই ব্যাটার শুধু নেতৃত্বই হারাচ্ছেন না দল থেকেও বাদ পড়তে পারেন। বিসিসিআইয়ের মুখপাত্রের দাবি, “তিনি আর দল বাছাইয়ের বিবেচনায় থাকবেন না, এবং দ্রুতই তাকে সিদ্ধান্ত জানানো হবে।”

আগামী ২৬ জুন থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি এবং এরপর ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলবে ভারত। কিন্তু সূর্যকুমারকে সেই দলে দেখা যাবে কি না, তা এখন বড় প্রশ্ন।

ব্যাট হাতে তার অফফর্ম দীর্ঘদিনের। গত দুই বছর ধরে ধারাবাহিকতা নেই, আর ২০২৬ আইপিএলেও ব্যর্থতা স্পষ্ট-১৩ ইনিংসে মাত্র একটি হাফসেঞ্চুরি, মোট রান ২৭০, গড় ২০.২৭। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর রোহিত শর্মা ফরম্যাটটি থেকে অবসর নিলে সূর্য দায়িত্ব পান। কিন্তু সেই দায়িত্ব বেশিদিন টিকল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *