বিদেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে শ্রমবাজারকে সিন্ডিকেটমুক্ত করতে না পারলে মন্ত্রিত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, শ্রমবাজারে কোনো ধরনের সিন্ডিকেটের সুযোগ রাখা হবে না এবং এ বিষয়ে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।
মঙ্গলবার (২ জুন) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ মন্তব্য করেন। তিনি বলেন, শ্রমবাজারকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সিন্ডিকেটমুক্ত পরিবেশ নিশ্চিত করা তার অন্যতম প্রধান চ্যালেঞ্জ।
মন্ত্রী জানান, মালয়েশিয়াগামী কর্মীদের দুর্ভোগ, বিমানের টিকিট সংকট এবং বিদেশে যেতে না পারার পেছনের কারণ অনুসন্ধানে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরিফুল হক চৌধুরী বলেন, যেসব রিক্রুটিং এজেন্সি কর্মীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করেও টিকিট সরবরাহে ব্যর্থ হয়েছে বা প্রতারণার আশ্রয় নিয়েছে, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। দেশের নাগরিকদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে কোনো ধরনের অনিয়ম বা প্রতারণা বরদাশত করা হবে না বলেও তিনি সতর্ক করেন।
সংবাদ সম্মেলনে মন্ত্রী প্রবাসীদের জন্য একটি সমন্বিত ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনার কথাও জানান। তিনি বলেন, এ কার্ড চালু হলে আলাদা বিএমইটি কার্ডের প্রয়োজন হবে না। একটি কার্ডের মাধ্যমেই প্রবাসীরা প্রয়োজনীয় বিভিন্ন সেবা ও সুবিধা গ্রহণ করতে পারবেন।

