পবিত্র মক্কা নগরীতে যেকোনো ধরনের হামলা চালানো হলে তার বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো ও সোচ্চার হওয়াকে বিশ্ব মুসলিমের নৈতিক ও ঈমানি দায়িত্ব হিসেবে আখ্যায়িত করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই তীব্র প্রতিক্রিয়া জানান। সম্প্রতি মক্কার আকাশসীমা লক্ষ্য করে চালানো ড্রোন হামলার চেষ্টার প্রেক্ষাপটে তিনি দলের ও নিজের অবস্থান পরিষ্কার করে এই বার্তা দেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে জামায়াত আমির লেখেন, পবিত্র মক্কা নগরী মহান আল্লাহ তায়ালার ঘর পবিত্র কাবাশরীফের কারণে বিশ্বজুড়ে অতীব সম্মানিত ও মর্যাদা পূর্ণ। সমগ্র পৃথিবীর মধ্যে এটি সর্বশ্রেষ্ঠ ও পবিত্রতম স্থান। তাই এই পবিত্র ভূমির ওপর যেকোনো ধরনের আঘাত বা আক্রমণাত্মক উদ্যোগ গ্রহণ করা হলে তার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং তীব্র নিন্দা জানানো প্রতিটি মুসলমানের জন্য ঈমানি দায়িত্বের অংশ।
ঘটনাটির তীব্র নিন্দা জানিয়ে বিরোধী দলীয় নেতা আরও উল্লেখ করেন, হামলাকারী ইয়েমেনের হুতি গোষ্ঠী কিংবা অন্য যে কেউ হোক না কেন-পবিত্র স্থান লক্ষ্য করে এমন কোনো ধ্বংসাত্মক পদক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। পবিত্র স্থানের সুরক্ষায় বিশ্ব মুসলিমকে ঐক্যবদ্ধ থাকারও পরোক্ষ বার্তা দেন তিনি।

