প্রধান খবর

ইতিহাস বিকৃতি ও মুক্তিযুদ্ধের ঐতিহ্য মুছে ফেলার অপচেষ্টায় উদীচীর নিন্দা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সংগ্রহশালা সংস্কারের নামে মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস আড়াল এবং মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অন্তর্ভুক্তির অভিযোগে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। মঙ্গলবার সংগঠনটির নেতারা এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে উদীচী বলেছে, ইতিহাস কোনো ব্যক্তি বা সংগঠনের খেয়াল-খুশির বিষয় নয়; এটি একটি জাতির সংগ্রাম, আত্মত্যাগ ও অর্জনের প্রামাণ্য স্মারক। তাদের দাবি, ভাষা আন্দোলন, শিক্ষা আন্দোলন, গণ-অভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের গুরুত্বপূর্ণ দলিল-স্মারক বাদ দেওয়া ইতিহাস বিকৃতির উদ্যোগের শামিল।

উদীচীর নেতারা বলেন, বাঙালির স্বাধিকার ও মুক্তির আন্দোলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ডাকসুর ঐতিহাসিক ভূমিকা জড়িয়ে আছে। ১৯৭১ সালের ২ মার্চ ডাকসু ভবনে বাংলাদেশের পতাকা উত্তোলন এবং মুক্তিযুদ্ধের সময় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের আত্মত্যাগের ইতিহাস কোনোভাবেই আড়াল বা সংকুচিত করা উচিত নয়।

সংগঠনটি ডাকসু সংগ্রহশালা থেকে বিতর্কিতভাবে স্থাপিত মুহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ এবং ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত গণসংগ্রামের ধারাবাহিক ইতিহাস যথাযথভাবে পুনঃস্থাপনের দাবি জানিয়েছে। একই সঙ্গে ইতিহাস বিকৃতির সঙ্গে জড়িতদের জবাবদিহি নিশ্চিত এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষার্থী, শিক্ষক, সাংস্কৃতিক কর্মী ও নাগরিক সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *