প্রধান খবর

মেসির অবসর প্রসঙ্গে যা বললেন স্কালোনি

আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক লিওনেল মেসির অবসর নিয়ে চলমান আলোচনা নতুন মাত্রা পেয়েছে কোচ লিওনেল স্কালোনির মন্তব্যে। বিশ্বকাপের পর মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে জল্পনা থাকলেও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত যে মেসির নিজের হাতেই থাকবে, তা স্পষ্ট করেছেন আর্জেন্টিনা কোচ।

এক সাক্ষাৎকারে স্কালোনি বলেন, মেসি যতদিন ইচ্ছা ততদিন জাতীয় দলের হয়ে খেলতে পারবেন। তার মতে, ফুটবলের প্রতি মেসির আবেগ, নিবেদন এবং সাফল্যের ক্ষুধা এখনও আগের মতোই অটুট রয়েছে। তাই ষষ্ঠবারের মতো বিশ্বকাপে তার অংশগ্রহণ কোনো বিস্ময়ের বিষয় নয়।

স্কালোনি আরও বলেন, মেসির মতো অভিজ্ঞ ও কিংবদন্তি খেলোয়াড়ের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হবে না। জাতীয় দলের কোচিং স্টাফ সবসময় তার সঙ্গে আলোচনা করেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এবং ভবিষ্যতেও সেই ধারা অব্যাহত থাকবে।

এদিকে, কানসাসে আর্জেন্টিনা দলের অনুশীলনে মেসিকে মূল দলের বাইরে আলাদাভাবে ফিটনেস নিয়ে কাজ করতে দেখা গেছে। জানা গেছে, তিনি এখনও হ্যামস্ট্রিং সমস্যার প্রভাব কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় রয়েছেন। তবে দলের মেডিকেল বিভাগ জানিয়েছে, তার শারীরিক অবস্থা সন্তোষজনক এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বিশ্বকাপের পর মেসি অবসর নেবেন কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে স্কালোনির বক্তব্যে ইঙ্গিত মিলেছে, জাতীয় দলের হয়ে মেসির ভবিষ্যৎ নির্ধারণ করবেন স্বয়ং এই আর্জেন্টাইন মহাতারকাই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *