জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, সংসদ সদস্যদের কার্যকরভাবে দায়িত্ব পালনের জন্য সংসদের কার্যপ্রণালি বিধি সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে প্রস্তাব উত্থাপন ও বিল পর্যালোচনার ক্ষেত্রে এ বিষয়ে দক্ষতা অপরিহার্য।
বুধবার (৩ জুন) জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে আয়োজিত ‘সংবিধান, কার্যপ্রণালি বিধি ও সংসদীয় কার্যক্রম’ বিষয়ক ওরিয়েন্টেশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গণতান্ত্রিক অগ্রযাত্রার ধারাবাহিকতায় জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে। জনপ্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহিমূলক শাসনব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তিনি আরও বলেন, কার্যপ্রণালি বিধি কেবল আনুষ্ঠানিক নিয়মাবলি নয়; বরং এটি সংসদ সদস্যদের দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নের একটি কার্যকর হাতিয়ার। আইন প্রণয়ন, বাজেট অনুমোদন এবং নির্বাহী বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করাই সংসদের প্রধান দায়িত্বগুলোর মধ্যে অন্যতম।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি কার্যকর সংসদ গড়ে তুলতে সরকারি দল ও বিরোধী দলের সক্রিয় ও দক্ষ অংশগ্রহণ প্রয়োজন। এতে জনসম্পৃক্ততা বৃদ্ধি পায় এবং আইন প্রণয়ন প্রক্রিয়া আরও শক্তিশালী হয়।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, সংসদ সদস্যরা জনগণের প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এবং কার্যপ্রণালি বিধির মাধ্যমে তাদের অধিকার ও দায়িত্ব নির্ধারিত হয়েছে। জনগণের প্রতি দায়বদ্ধতা বজায় রেখেই তাদের দায়িত্ব পালন করতে হবে।

