ওমানে অবস্থানরত অবৈধ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মাস্কাটে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, আকাবা-ব্যবস্থার বৈধকরণ ও নিয়মিতকরণ নিয়ে নতুন তথ্য পাওয়া গেছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, আগামী ১ অক্টোবরের মধ্যে এ সুবিধার জন্য আবেদন করতে হবে। গৃহকর্মীসহ সব অবৈধ বিদেশি কর্মী এবং ভিজিট ভিসায় আসা ব্যক্তিরা এর আওতায় আসবেন। তবে তাদের পরিবারের সদস্যরা এ সুবিধা পাবেন না।
এ ব্যবস্থায় আগের নিয়োগকর্তার অনুমতি বা ছাড়পত্র ছাড়াই কর্মস্থল বা কফিল পরিবর্তনের সুযোগ থাকবে। এএসইজেডএ জোনে কর্মরতদের ওয়ার্ক পারমিট নবায়নে বিলম্বজনিত জরিমানা থাকলে নতুন ওয়ার্ক পারমিটের আবেদনের মাধ্যমে তা মওকুফের সুযোগ রয়েছে।
এ ছাড়া যারা ওমান ছেড়ে যেতে চান, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য জরিমানা মওকুফের ব্যবস্থা থাকবে। এএসইজেডএ নিয়মিত সময়ের বাইরে অতিরিক্ত সেবা দিচ্ছে এবং আগে এ সুবিধা নেওয়া ব্যক্তিরাও পুনরায় আবেদন করতে পারবেন। বিস্তারিত জানতে এএসইজেডএ-এর সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস।

