প্রধান খবর

পাঁচ বিভাগে ২০০ শয্যার শিশু হাসপাতাল: ছয় মাসের মধ্যেই উদ্বোধনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

দেশের পাঁচটি বিভাগে একটি করে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হাসপাতাল নির্মাণ করা হচ্ছে এমন ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, আগামী ছয় মাসের মধ্যেই এসব হাসপাতাল উদ্বোধন করা হবে। তার ভাষায়, বিগত ১৭ বছরের দুর্নীতি ও অবহেলায় স্বাস্থ্য খাতে কোনো উল্লেখযোগ্য উন্নয়ন হয়নি, আর তাই সরকার এখন একটি দুর্নীতিমুক্ত স্বাস্থ্যসেবা ব্যবস্থা গড়ে তুলতে বদ্ধপরিকর।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লায় ২০০ শয্যার পাঁচটি শিশু হাসপাতাল নির্মাণের কাজ দ্রুত এগিয়ে চলছে। এসব হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতির টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তিনি জানান, “খুলনা, বরিশাল, রংপুর, রাজশাহী ও কুমিল্লা সদর এলাকায় ২০০ শয্যার বিশেষায়িত শিশু হাসপাতাল আগামী ছয় মাসের মধ্যেই উদ্বোধন করতে যাচ্ছি।”

স্বাস্থ্য খাতকে আধুনিক, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত করতে সরকারের এই উদ্যোগকে একটি বড় পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষায়িত শিশু হাসপাতালগুলো চালু হলে দেশের শিশুস্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ হবে বলে আশা করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *