প্রধান খবর

দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে (চন্দন কুমার ধর) চট্টগ্রামের দুইটি পৃথক মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। রোববার (৬ সেপ্টেম্বর) বিচারপতি কে এম জাহিদ সরওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই আদেশ দেন।

আদালতে আসামিপক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য। রায় শেষে তিনি সাংবাদিকদের জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষাপটে পুলিশের কাজে বাধা প্রদান এবং ভাঙচুরের অভিযোগে চট্টগ্রামের কোতোয়ালি থানায় এ দুটি মামলা দায়ের করা হয়। শুনানি শেষে আদালত জারি করা রুল মঞ্জুর করে তাকে জামিন দেন। তবে তার বিরুদ্ধে আরও কয়েকটি গুরুতর মামলা বিচারাধীন থাকায় এখনই কারামুক্তি পাচ্ছেন না তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করেন। ওই মামলাতেই পরবর্তীতে ঢাকা থেকে চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে চট্টগ্রামের বিচারিক আদালতে তাঁর জামিন আবেদন নামঞ্জুর হলে তাঁর অনুসারী ও সমর্থকদের হট্টগোলের জেরে ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষ চলাকালে তরুণ আইনজীবী সাইফুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। আদালত প্রাঙ্গণে সহিংসতা, হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় পরবর্তীতে একাধিক মামলা দায়ের করা হয় এবং বহু আসামিকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে এসব মামলার আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *