প্রধান খবর

সাভারে ছেলের পোশাক কারখানায় ঢুকে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারের আমিনবাজারের বড়দেশি এলাকায় প্রতিবাদের জেরে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক উপপরিদর্শককে (এসআই) পিটিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ সময় হামলাকারীদের বেপরোয়া মারধরে তাঁর ছোট ছেলেও গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার রাত ৮টার দিকে সাভারের মদিনা সিটি এলাকার এক পোশাক কারখানায় এই মর্মান্তিক ও চাঞ্চল্যকর হামলার ঘটনাটি ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তার নাম মো. আলতাব হোসেন (৬০)। তিনি এসবির ঢাকার মালিবাগ কার্যালয়ে উপপরিদর্শক পদে কর্মরত ছিলেন এবং মূলতঃ সিরাজগঞ্জের এনায়েতপুর এলাকার বাসিন্দা। রাতে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। একই হাসপাতালে তাঁর আহত ছোট ছেলে আরিফুল ইসলাম (২৬) চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার বিবরণ দিতে গিয়ে নিহতের পরিবার জানায়, আমিনবাজার এলাকায় আলতাব হোসেনের দুই ছেলের একটি যৌথ ছোট পোশাক কারখানা রয়েছে। শনিবার রাতে কারখানার কাছে একটি প্রাইভেট কার ও অটোরিকশার মধ্যে সাইড দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে অটোরিকশা গ্যারেজের এক বয়স্ক মালিককে বেধরক মারধর করছিল গাড়িতে থাকা কয়েকজন ব্যক্তি। এসআই আলতাব হোসেন সেখানে এগিয়ে গিয়ে বিষয়টি থামানোর চেষ্টা করেন এবং নিজের পুলিশ পরিচয়ে বিশৃঙ্খলা এড়াতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তাঁকে কানে ও মাথায় সজোরে আঘাত করে। আলতাব হোসেন দৌড়ে পাশেই থাকা তাঁর ছেলের পোশাক কারখানায় আশ্রয় নেন।

পরবর্তীতে প্রাইভেট কারের ওই আরোহীদের সঙ্গে আরও ২০ থেকে ২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলাকারী এসে কারখানার ভেতরে জোরপূর্বক ঢুকে পড়ে। তারা আলতাব হোসেন ও তাঁর ছোট ছেলে আরিফুলকে এলাপাতাড়ি পিটিয়ে রক্তাত্ব করে। মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাতের কারণে চিকিৎসাধীন অবস্থায় পুলিশ কর্মকর্তা আলতাব হোসেন মারা যান। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অপরাধীদের চিহ্নিত করে গ্রেপ্তারে বিশেষ অভিযান শুরু হয়েছে এবং এ ঘটনায় সাভার থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *